রুমায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সংকট
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাবুল খাঁন, বান্দরবান
বাসা ভাড়া ও যোগাযোগ সমস্যায় পরিবার নিয়ে বসবাসে অনিশ্চয়তা, প্রভাব পড়ার আশঙ্কা সরকারি সেবায় বান্দরবানের দূরবর্তী উপজেলা রুমায় সরকারি কর্মকর্তা,কর্মচারীদের আবাসন সংকট দিন দিন প্রকট হচ্ছে। পর্যাপ্ত সরকারি কোয়ার্টার না থাকা এবং উপজেলা সদরে পরিবার নিয়ে বসবাসের উপযোগী ভাড়ার বাসা স্বল্পতার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী পরিবার রেখে কর্মস্থলে একা থাকছেন। কেউ কেউ আবার রুমার বাইরে থেকে নিয়মিত যাতায়াত করছেন। রুমায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত একাধিক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে,বদলি হয়ে আসার পর তাঁদের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়ায় থাকার ব্যবস্থা করা। বিশেষ করে স্ত্রী-সন্তানসহ পরিবার নিয়ে বসবাস করতে ইচ্ছুকদের জন্য নিরাপদ ও উপযোগী বাসা পাওয়া কঠিন। ফলে অনেকে পরিবারকে জেলা সদর বা নিজ এলাকায় রেখে কর্মস্থলে একা থাকছেন। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা বলেন, রুমায় বদলি হয়ে আসার পর দায়িত্ব পালনের পাশাপাশি থাকার ব্যবস্থা করাটাও বড় চ্যালেঞ্জ। পরিবার নিয়ে থাকতে চাইলে উপযোগী বাসা পাওয়া কঠিন।
আরেক কর্মকর্তা বলেন,পরিবার বাইরে থাকলে একদিকে বাড়তি যাতায়াত ব্যয়, অন্যদিকে পারিবারিক বিচ্ছিন্নতা তৈরি হয়। আবার পরিবার সঙ্গে রাখলেও বাসা ও অন্যান্য নাগরিক সুবিধার সংকট রয়েছে। আবাসন সংকটের পাশাপাশি রুমার পাহাড়ি ও দুর্গম সড়ক যোগাযোগও সরকারি কর্মকর্তা,কর্মচারীদের জন্য বড় চ্যালেঞ্জ।
