চুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়েট প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার)।

চুয়েটের স্নাতক ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ হিসেবে সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও সময়সূচি, মানবণ্টন-সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তির বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে প্রশাসন প্রাথমিক কিছু কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে ভর্তি কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একাডেমিক কাউন্সিলে অনুমোদনপূর্বক এটি প্রকাশ করা হবে।