চবি ক্যাম্পাসে হিট প্রকল্পের কাজ শুরু
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইন্টারনেট ব্যবস্থা উন্নত করা এবং সকল আবাসিক হলের শতভাগ কক্ষে ইন্টারনেট সংযোগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন (হিট) প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে তার কার্যালয়ে এ উপলক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রফেসর মো. আসাদুজ্জামান উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। এ সময় তাঁর সঙ্গে প্রকল্পের আঞ্চলিক কেন্দ্র সমন্বয়ক মুহা. মুনাব্বেরুর রশীদ, আইটি কনসালটেন্ট মো. সাইদুল ইসলাম ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান পলাশ এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী সভায় অংশ নেন। সভায় আগামী ৩-৪ মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সভায় উপাচার্যকে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি কার্যক্রম, কাজের সময়সূচি ও অন্যান্য দিক সম্পর্কে অবহিত করা হয়। উপাচার্য হিট প্রকল্পকে ধন্যবাদ জানিয়ে দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করার অনুরোধ জানান। এ সময় গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে প্রাথমিক কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়।
তারা জানান, বিশ্ববিদ্যালয়জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে মাটির নিচ দিয়ে উচ্চগতির ইন্টারনেটের তার স্থাপন করা হবে। এ জন্য আধুনিক খননযন্ত্র ব্যবহার করে নভেম্বরের শেষ দিকে মাটির ১৫ ফুট গভীরে বিশেষ পাইপ বা নল বসানোর কাজ শুরু হবে। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হিট প্রকল্পের নিজস্ব তদারকির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হবে।
এ ছাড়া আইসিটি সেলের নেটওয়ার্ক বিভাগের কর্মীদের সমন্বয়ে মাঠপর্যায়ে কাজ পর্যবেক্ষণের জন্য একটি দল গঠন করা হবে। উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর কর্মকর্তারা আইসিটি সেলের কার্যালয়ে পরিচালক, আইসিটি এবং আইসিটির নেটওয়ার্ক টিমের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা হয়।
