সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে 'গুলিয়াখালী' বিচ পর্যটকদের জন্য যেন মুগ্ধ হওয়ার বিশেষ স্থান। চারিদিকে যেন সবুজ ঘাসের কার্পেটে মোড়ানো প্রতিটি ইঞ্চি ঘুরতে আসা পর্যটকদের যেন এক অন্যরকম অনুভূতি দেয়। যা হয়তো তারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। অনেকে সবুজের সাথে মিশে একাকার হওয়ার ইচ্ছেও পোষণ করেন যাতে যান্ত্রিক জীবনে আর ফিরে যেতে না হয়। 'গুলিয়াখালী' বিচে গেলে একজন পর্যটকের চোখে পড়বে পূর্বে মাথা উঁচু করে আছে সারি সারি পাহাড়, পশ্চিমে বঙ্গোপসাগরের বিস্তৃত জলরাশি, উপরে সুনীল আকাশ আর এর মাঝেই সমুদ্রতীরে সবুজ ঘাসে মোড়ানো এক সৈকত সীতাকুণ্ডের গুলিয়াখালী। সৈকত লাগোয়া বিস্তৃত কেওড়া বন অনিন্দ্যসুন্দর করে সাজিয়েছে এই সৈকতকে।
সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র। সরকারও সৈকতটিকে আনুষ্ঠানিকভাবে পর্যটন কেন্দ্রের স্বীকৃতি দিয়েছে। কিন্তু পর্যটন এলাকা ঘোষণার সাড়ে তিন বছর পার হলেও কোনো ধরনের অবকাঠামো উন্নয়ন না করায় এই পর্যটন কেন্দ্রে অস্বস্তিতে পড়ছেন পর্যটকরা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে অবস্থান গুলিয়াখালী সৈকতের। চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকা থেকে এই সৈকতের দূরত্ব ৩১ কিলোমিটার। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড সদর থেকে সৈকতের দূরত্ব ছয় কিলোমিটার।
চট্টগ্রাম শহরের কাছাকাছি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে স্বল্প দূরত্ব হওয়ায় এখানে স্থানীয় পর্যটকের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার পর্যটকরা দল বেঁধে বেড়াতে আসেন। গত এক দশকে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পাওয়ার ধারাবাহিকতায় ২০২২ সালের ১০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সৈকত এলাকার ২৫৯.১০ একর জায়গাকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করে। পর্যটনশিল্প ও সেবা খাতের পরিকল্পনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এবং পর্যটন সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনো কার্যক্রম নিয়ন্ত্রণে বিশেষ পর্যটন অঞ্চল আইনের ক্ষমতাবলে এই সৈকতকে সরকারিভাবে পর্যটন এলাকা ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, পর্যটন এলাকা ঘোষণার পর সেখানে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ করে পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, পর্যটন কেন্দ্রটির অবকাঠামো উন্নয়নে নকশা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোয় পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো কর্তৃপক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সৈকতের দেখভালোর জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য আধুনিক শৌচাগার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
