বোয়ালখালীতে আগাম সবজি আবাদ বেড়েছে

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিকাশ নাথ, বোয়ালখালী: (চট্টগ্রাম)

বোয়ালখালীতে বাড়তি আয়ের প্রত্যাশায় আগাম শীতকালীন শাক-সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা। শীতের আগেই বাজার ধরতে পারলে মিলবে ভালো দাম, এমন আশায় করছেন চাষাবাদ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ধান কাটার পর অনেক জমিতেই শুরু হয়েছে শীতকালীন সবজির আবাদ। বিশেষ করে উপজেলার জৈষ্টপুরা শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়নে শীতকালীন শাক-সবজি উৎপাদনের প্রস্তুতি ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। বেগুন, টমেটো, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, কোথাও করলা, শসা, শিম, কিংবা লাউ। শীত আসার আগেই বাজার ধরতে মাঠে মাঠে এখন আগাম সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত উপজেলার প্রান্তিক কৃষকরা। প্রতিকূল আবহাওয়া আর পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি থাকলেও সম্ভাব্য লাভের আশায় প্রতিদিন শ্রম দিচ্ছেন। কৃষকদের লক্ষ্য, শীতের তীব্রতা বাড়ার আগেই এসব সবজি উৎপাদন করে বাজারে সরবরাহ করা। মৌসুমের প্রথম দিকে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় ভালো দাম পাওয়ার সম্ভাবনাকেই কাজে লাগাতে চান তারা। খরণদ্বীপ এলাকার কৃষক রূপক দে বলেন, এবারও ২০ শতক জমিতে জাপানি মন্টিয়ার জাতের ফুলকপি লাগিয়েছেন তিনি। আগামী ২০/২৫ দিনের মধ্যে বিক্রি করা যাবে। এতে খরচ হবে প্রায় ২৫ হাজার টাকা।আশানুযায়ী ফলন হলে শীতের আগেই সবজি বিক্রি করে মোটা অংকের লাভের আশা তার। জৈষ্টপুরা এলাকার পুটিকোলা বিলে এক একর জায়গা জুড়ে বেগুন, মূলা,ঢেঁড়স, মরিচসহ আগাম শীতকালীন শাক-সবজির চাষ করেছেন কৃষক মো. তোফায়েল আহমেদ। খরচ হয়েছে ৬০ হাজার টাকা। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্ষেতের পরিচর্যায় সময় দিচ্ছেন তিনি। আগামী সপ্তাহ থেকে ভালো দামে বেগুন বিক্রি করবেন বলে জানান তিনি। এছাড়াও জৈষ্টপুরার কৃষক সুজন বসু, আমুচিয়ার মো. এসকান্দর ও করলডেঙ্গার রিটন বড়ুয়া করেছেন আগাম সবজির আবাদ। তারা বলেন, আগাম সবজি আবাদে পরিশ্রম ও খরচ দুটিই বেশি। এরপরও বাজারে ভালো দাম পাওয়ার প্রত্যাশায় তারা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার সবজি উৎপাদন থেকে লাভবান হতে পারবেন। তবে ফসল ঘরে তোলার আগপর্যন্ত আবহাওয়ার বৈরিতা আর পোকামাকড়ের আক্রমণ নিয়ে শংকা রয়েছে তাদের । চট্টগ্রাম কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. আতিক উল্লাহ জানান, চট্টগ্রামে এবার শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৯৬৫ হেক্টর জমিতে। ইতিমধ্যে অর্জন হয়েছে ২৩ হাজার ২০ হেক্টর। ফসলের উচ্চমূল্য নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তাদের দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো শাহানুর ইসলাম বলেন, চলতি মৌসুমে রবিশস্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার হেক্টর জমিতে। বাড়তি আয়ের আশায় ৫০/৬০ হেক্টরে আগাম শীতকালীন সবজি আবাদ করছেন কৃষকেরা। ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণে কৃষকদের পরামর্শ দিতে সার্বক্ষণিক উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে রয়েছেন বলে জানান তিনি।