চন্দনাইশে আমনের ফলনে কৃষকের স্বস্তি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস.এম.জাকির, চন্দনাইশ (চট্টগ্রাম)

হেমন্তের হালকা শীতের পরশে চন্দনাইশের ফসলের জমিতে এখন আমন ধান কাটার উৎসবমুখর পরিবেশে কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পাড় করছে। মাঠ জুড়ে আমন ধানের পাকা থোর দোল খাচ্ছে। চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ২৪৫ হেক্টর জমি। অতিরিক্ত ২০ হেক্টর জমিতে বেশি চাষাবাদ হয়। সরকারিভাবে ৪৭০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা বেজায় খুশি। আমন ধান কাটার উৎসবে কৃষকেরা ব্যস্ত সময় পাড় করছে, চলছে ধান কাটা, ধান মাড়াই, আবার কোথাও নতুন ধান ঘরে তোলার ব্যস্ততা। বন্যা ও অতিবৃষ্টির প্রাথমিক ধাক্কা কাটিয়ে এবার আমনের ভালো ফলনে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। নতুন ধান ঘরে তোলাকে ঘিরে গ্রামেগঞ্জে বইছে নবান্নের উৎসব। পূর্বের ক্ষতি পুষিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা। নতুন ধানের ঘ্রাণে চন্দনাইশের পল্লীতে এখন উৎসবের আবহ। কৃষকের ঘরে ঘরে চলছে নতুন চালের পিঠা-পুলির আয়োজন। সব মিলিয়ে অতিবৃষ্টি ও বন্যার ক্ষতির ধকল কাটিয়ে আমনের ভালো ফলন চন্দনাইশের কৃষিতে নতুন আশার আলো দেখছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ জুড়ে পাকা আমন ধানের দৃশ্য। কৃষকেরা দলবেঁধে কাটছে ধান, কেউ আবার ধানের আঁটি বাঁধছেন, কেউ ধান মাড়াই করছেন। আবার কেউ নতুন ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদের সাথে শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা ও ঘরে তোলার কাজে। মৌসুমের শুরুতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হলেও পরবর্তী সময়ে অনুকূল আবহাওয়ার কারণে অনেক জমিতে ভালো ফলন হয়েছে। ধান কাটার শুরুতে কয়েকদিনের গুটি গুটি বৃষ্টির কারণে কৃষকদের কিছুটা বেগ পেতে হয়েছে পাকা ধান ঘরে তুলতে। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আজাদ হোসেন বলেছেন, চলতি মৌসুমে চন্দনাইশে ৮ হাজার ২৪৫ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আউশ ধানে বন্যায় ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় আমন চাষ করার কারনে অতিরিক্ত ২০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে ৪৭০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। তবে ধান অবশ্যই ১৪ শতাংশ শুকনো অবস্থায় খাদ্য গোদামে নেওয়া হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে, কৃষকেরা উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পেলে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন। কৃষকদের কাছে আমন ধান শুধু একটি ফসল নয়, বরং সারা বছরের খাদ্য নিরাপত্তা ও পারিবারিক অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হওয়ার পাশাপাশি দাম ভালো থাকায় কৃষকেরা বেজায় খুশি। চন্দনাইশে আমনের বাম্পার ফলন মাঠভরা পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। চলতি আউশ মৌসুমে অতিবৃষ্টি ও বন্যায় কৃষিখাতে ক্ষয়ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে চায় কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অতিবৃষ্টির কারণে চন্দনাইশে গ্রীষ্মকালীন সবজির আবাদি ১ হাজার ৭০ হেক্টর জমির মধ্যে ৯৮১ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। তৎমধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৭১৯ হেক্টর, আংশিক ক্ষতিগ্রস্ত ২৬২ হেক্টর জমি। ফলে ১২ হাজার ৩৭৫ কৃষক পরিবার ক্ষতির সম্মুখিন হয়। আর্থিকভাবে ১২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকর ক্ষতিসাধন হয়। এ অবস্থায় আমনের ভালো ফলন কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার সৃষ্টি হয়েছে।
