ঘাটাইলে গমের বাম্পার ফলন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষক-কৃষানিরা এখন গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবছর আশাতীত ফলন ও বাজার দামে খুশি কৃষকরা। মাঠে মাঠে গমের সোনালি শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ঘাটাইল উপজেলায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৭৫ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। গম চাষের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছিল ১৭০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি জমিতে গম চাষ করেছেন কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার গমের ভালো ফলন হয়েছে। সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় গাছসহ গমের শীষ পেকে সোনালি রং ধারণ করেছে। সোনালি আভায় ঢেকে আছে মাঠ। চারিদিকে গমের সোনালি রঙে নয়ন জুড়িয়ে যায়। মাঠে মাঠে শুরু হয়েছে গম কাটার কাজ। গম কাটা, শীষ থেকে গম ছাড়ানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। গমের বাম্পার ফলন হওয়ায় প্রতিটি কৃষক বেশি আয়ের আশা করছেন। রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ এলাকার শামিম হোসেন, জব্বার মিয়া, দেওপাড়া ইউনিয়নের রাসেল, সাগরদিঘি এলাকার ইদ্রিস আলী লিটন, রশিদ, হাতিমাড়া গ্রামের আকবর আলীসহ বেশ কয়েকজন স্থানীয় কৃষক জানান, দিন দিন গম চাষ কমছে। লাভ কম, শ্রমিক সংকট, মাড়াইয়ের সমস্যা, বৈরী আবহাওয়া ও ভালো মানের বীজের অভাবে চাষিরা গম চাষে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। গত কয়েক বছরের মধ্যে এবার গমের ফলন ভালো হয়েছে। বর্তমান বাজারে প্রতি মণ গম ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে এবার গমে একটু বেশি লাভ হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, চলতি মৌসুমে উপজেলার ১৭৫ হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে। গমের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে। উন্নত জাতের উচ্চ ফলনশীল গম বীজ দিয়ে কৃষকরা ফসল ফলিয়েছেন। ফলন ও ভালো দাম পাওয়ায় আগামী বছর গমের আবাদ বাড়বে বলে আশা করছেন তিনি।
