মা ফাতেমা নারী প্রশিক্ষণ কেন্দ্র
প্রশিক্ষণ শেষে নারীরা স্বাবলম্বী
প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আজাহার আলী, বগুড়া

শারমিন আক্তার। তারা ছয় বোন এক ভাই। দারিদ্র্যের কারণে নবম শ্রেণিতেই বাল্যবিয়ের শিকার হন ২০১৯ সালে। মাত্র ১১ দিন ঘর সংসার করার পর তার বিচ্ছেদ হয়। তারপর একেবারেই ভেঙে পড়েছিলেন। মা-বাবাও ভালো চোখে দেখছিলেন না। নানা প্রতিকূলতার মাঝে বাবার বাড়িতেই এসএসসি পাস করেন। গণমাধ্যমে জানতে পারেন, বগুড়ার সারিয়াকান্দিতে নারীদের মাত্র ৩ মাসের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। মা-বাবার অনুমতি নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এসেছেন মা ফাতেমা নারী প্রশিক্ষণ কেন্দ্রে। শারমিন মোটরসাইকেল মেকানিক্সে এখন ট্রেনিং নিচ্ছেন। মোটরসাইকেলের সব ধরনের যন্ত্রাংশ খুলে ফের যথাস্থানে লাগাতে পারেন সঠিকভাবে। এখন মোটরসাইকেলের ইঞ্জিনও সারাতে পারেন। শারমিন বলেন, বিবাহ বিচ্ছেদের পর একেবারেই ভেঙে পরেড়ছিলাম। চাকরি করে তাদের প্রমাণ করে দেব মেয়েরাও পারে। এ বছর তুলনামূলকভাবে আদিবাসী নারীরা বেশি ভর্তি হয়েছেন ট্রেনিং নিতে। এখানে ৫০ জন প্রশিক্ষণার্থীদের ২০ জনই আদিবাসী। তারা রাজশাহী, নওগাঁ এবং দিনাজপুর জেলা থেকে এসেছেন। আদিবাসী নারীরা সাঁওতাল, ওঁরাও এবং পাহান বংশের অধিবাসী। ২০০০ সালের ১ জানুয়ারি সারিয়াকান্দিতে প্রতিষ্ঠা লাভ করে মা ফাতেমা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। ২০০৬ সালে কেন্দ্রটি রাজস্ব খাতের অন্তর্ভুক্তি লাভ করে। গত ২০১৪ সালের ১১ জুলাই সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান গ্রামীণ অবহেলিত মহিলাদের জন্য সারিয়াকান্দি মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন সিএনজিচালিত থ্রি হুইলার ড্রাইভিং এবং মোটরসাইকেল মেকানিক্স প্রশিক্ষণ কোর্স।
