ছারছীনা দরবার দ্বীনের দরবার

বললেন প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাসান মামুন, পিরোজপুর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, ছারছীনা দরবার একটি বড় দ্বীনের দরবার। এ দরবার থেকে পড়াশুনা করে বহু গুণীব্যক্তি দেশের বড় বড় জায়গায় অধিষ্ঠিত হয়েছেন। এ দরবার দ্বীনের কথা বলে ইসলামের কথা বলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছারছীনা শরীফ পছন্দ করতেন। তিনি ইসলামের জন্য দেশে বড় বড় অবদান রেখেছেন। তিনি ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্বাধীন বাংলাদেশে প্রথম মাদ্রাসা শিক্ষাবোর্ড গঠন করেন।

গতকাল বৃহস্পতিবার জোহর নামাজের পর পিরোজপুরে মাহফিলের শেষ দিনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার শাসনামলে ইসলামের প্রসার-প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশনসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেছেন। একই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীনি শিক্ষা বিস্তারে কওমি শিক্ষা উচ্চ শিক্ষার স্বীকৃতি দিতে কওমি শিক্ষাবোর্ড গঠন করেছেন।

ছারছিনা দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ মো. মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেন, খাটি মুসলমান হতে হলে কোরআন ও সুন্নাহর নির্দেশ মেনে চলার বিকল্প নেই। সমাজে ফ্যাতনা, ফ্যাসাদ বেড়ে গেছে। এ থেকে মুক্তির একমাত্র পথ ঈমান মজবুত করা। এ দরবার সম্পূর্ণ রাজনীতি মুক্ত। এ দরবার ইসলামের কথা বলে। তাই আমরা ইসলাম নিয়ে বাচতে চাই। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা আমাদের শত্রু।

তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মাহফিলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল বক্তব্য দেন। গত মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী মাহফিলে দেশ বরণ্য আলেম ওলামাবৃন্দ ওয়াজ নসিহত করেন। পরে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি জন্য আল্লাহর রহমত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ মো. মোহেব্বুল্লাহ।