শ্যামনগর অবৈধ হাসপাতালে সয়লাব

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমগীর সিদ্দিকী, শ্যামনগর

সাতক্ষীরা জেলার শ্যামনগরে অবৈধভাবে গড়ে উঠেছে অবৈধ ক্লিনিক নামের কসাইখানা ও প্যাথলজি ক্লিনিক। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বাণিজ্য। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। অনুসন্ধানে জানা গেছে, শ্যামনগরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ১৫টির অধিক ডায়াগনস্টিক সেন্টার ও ২০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। এসব প্রতিষ্ঠানের মালিকরা সরকারি নিয়ম-নীতিকে উপেক্ষা করে বছরের পর বছর অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অনেক প্রতিষ্ঠানে নেই কোন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ টেকনোলজিস্ট। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের ভুল প্যাথলজি রিপোর্টের গ্লানি টানতে হচ্ছে রোগীকে। একই পরীক্ষা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভিন্ন ভিন্ন ফলাফলে দিশেহারা হচ্ছেন দরিদ্র রোগীরা। অনুসন্ধানে জানা গেছে, এসব পরীক্ষা থেকে ডাক্তারা ৫০-৬০% পর্যন্ত কমিশন পেয়ে থাকেন। সিংহভাগ প্রতিষ্ঠানের নেই বৈধ লাইসেন্স। অনুসন্ধানে ওঠে আসা শ্যামনগরের ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, রিডা প্রাইভেট হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ক্লিনিক, সুন্দরবন ক্লিনিক, সুন্দরবন অ্যাপোলো হাসপাতাল, নগর প্রাইভেট হাসপাতাল, আরজি ক্লিনিক, সেবা নার্সিং হোম, কাশিমাড়ী ডায়াগনস্টিক সেন্টার, এম আলী ক্লিনিক, নওয়াবেকী ফয়সাল আমিন ক্লিনিক, শামিমা ক্লিনিক । সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটা ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিকের রেজিস্ট্রেশন নম্বর নিজ নিজ সাইনবোর্ডে দেয়ার নির্দেশনা থাকার পরও উল্লিখিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনোটাতেই দেখা মেলেনি রেজিস্ট্রেশন নম্বর। এসব প্রতিষ্ঠানের মালিকগণ জানান, লাইসেন্স পাওয়ার জন্য সরকারের নির্ধারিত ফি জমা দেওয়ার পরও সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তর থেকে মিলছে না পরিবেশগত ছাড়পত্র। ছাড়পত্রের জন্য সরকারের নির্ধারিত ফি’র বাইরেও মোটা অঙ্কের টাকা দাবি করছেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। যার জন্য রেজিস্ট্রেশন পাওয়ার ভোগান্তিতে পড়তে হচ্ছে। সঠিকভাবে নিবন্ধন ও সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগের ব্যাপারে শ্যামনগর স্বাস্থ্য কম্পপ্লেক্সের কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, সরকারি নির্দেশনা মতে, পরিবেশ ছাড়পত্র ছাড়া নতুন হাসপাতাল নিবন্ধন পাবে না।