সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় যাবজ্জীবন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১১ বছর পর গৃহবধূ রিনা হত্যার দায়ে একজনকে যাবজ্জীবনসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। নিহত গৃহবধূ কাজিপুর উপজেলার খাসখুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডিতদের মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অন্য ধারায় তাকে আরও ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্য ৪ আসামিকে ২ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার ছনকা ইটালিপাড়ার ছকিমুদ্দিনের স্ত্রী মালেকা খাতুন ও তার ছেলে মাসুদ, ধোপা বটতলার মারুফ হোসেন ও নুর মোহাম্মদ।