ভেড়ামারায় নৌকাডুবিতে দুই কৃষকের মৃত্যু
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
পদ্মা নদীতে ডিঙি নৌকাডুবির ঘটনায় কুষ্টিয়ার ভেড়ামারার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরে স্থানীয় দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নৌকাডুবির ঘটনা ঘটে। মৃত কৃষকের নাম আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)। তারা আখ খেতে কাজ করার জন্য নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন। তারা দুজন ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ভেড়ামারা থানার ওসি আবদুল রব তালুকদার বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ডিঙি নৌকাতে চারজন কৃষক পদ্মা নদীর শাখা (ক্যানাল) পেরিয়ে আখ খেতে কাজ করার জন্য যাচ্ছিল। নৌকাটি ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাধু সাঁতরে কিনারায় উঠে। সাঁতার না জানায় আব্দুর রশিদ ও মামুন হোসেন নামের বাকি দুজন কৃষক মারা যায়।
লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, ডিঙ্গি নৌকা পারাপারের সময় দুজন কৃষকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।
