প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার দুই

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকূল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ধাক্কা দিয়ে সেপটিক ট্যাংকে ফেলার এডিটেড ভিডিও প্রচার করে নাটক সাজানোর মূলহোতা রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়া গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উত্তর শ্রীকূল গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা সন্তোষ বড়ুয়ার সঙ্গে তার সৎভাই রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়ার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৮ মার্চ সন্তোষ বড়ুয়া নিজ বসতবাড়ির নির্মাণকাজ করার সময় রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়া কয়েকজন সহযোগীসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্তোষ বড়ুয়ার বসতভিটায় গিয়ে কর্মরত শ্রমিকদের কাজে বাধা দেন। এবং কাজ চালিয়ে যেতে চাইলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সন্তোষ বড়ুয়ার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় সন্তোষ বড়ুয়া গত ২৪ মার্চ আদালতে মামলা করেন। এ মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী সন্তোষ বড়ুয়া জানান, ঘটনার দিন তিনি ঘরের কাজ তদারকি করছিলেন। এ সময় হঠাৎ রনতোষ ও রুবেল তাদের কয়েকজন সহযোগিসসহ তার বসতভিটায় এসে কাজ বন্ধ করে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তার ওপর হামলা চালান। এসময় তার ছেলে শাওন বড়ুয়া তাকে বাঁচাতে এলে রনতোষের সঙ্গে শাওনের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রনতোষ পাশের সেপটিক ট্যাংকে পড়ে যায় এবং মিনিট দুয়েকের মধ্যে উঠে এসে ফের আমি ও আমার ছেলের ওপর হামলা এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। তিনি জানান, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এডিট করে আগের ও পরের অংশ বাদ দিয়ে মাত্র তিন সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়ে উল্টো আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করে।