লাগসই প্রযুক্তিবিষয়ক প্রদর্শনী
* বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ মেলায় এবার ২২টি স্টল অংশ নেয়
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ মেলায় এবার ২২টি স্টল অংশ নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্ভাবক, গবেষণা সংস্থা এবং নতুন প্রজন্মের তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তিগত কাজ তুলে ধরেন দর্শনার্থীদের সামনে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশান্ত কুমার দাশ বলেন, লাগসই প্রযুক্তি দেশের সামগ্রিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। গ্রামীণ পর্যায়ে হাজারো উদ্ভাবন হচ্ছে, যেগুলোর অনেকটাই জাতীয় ব্যবহারের উপযোগী। এসব উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি পরিচালনা করছে। রায়পুরের এই আয়োজন স্থানীয় উদ্ভাবকদের অনুপ্রাণিত করবে এবং প্রযুক্তির ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনকে সহজতর করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মণ্ডল বলেন, উদ্ভাবনী কাজকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে গবেষণা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানের সভাপতি রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওসার জানান, স্থানীয় উদ্ভাবকদের পরিচিতি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও উদ্যোক্তারা। আয়োজকদের মতে, স্থানীয় উদ্ভাবিত নতুন প্রযুক্তিকে জনসাধারণের কাছে তুলে ধরার পাশাপাশি উদ্ভাবকদের উৎসাহিত করাই এ মেলার প্রধান উদ্দেশ্য। দিনভর প্রচুর দর্শনার্থীর উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
