হাসিনার সহযোগীদেরও বিচার করতে হবে

বললেন খায়রুল কবির খোকন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। আওয়ামী লীগ যদি মনে করে থাকে এই রায় পরিবর্তন হবে তার কোনো সুযোগ নেই এবং এটি অবশ্যই কার্যকর হবে। এ অন্তর্বর্তীকালীন সরকার এই রায় কার্যকর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বৃহস্পতিবার নরসিংদী শহর এলাকার স্টেশনসহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণের এবং ধানের শীষের গণসংযোগ করার সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে-যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সাজা-এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে, শহিদ পরিবারগুলোও সন্তুষ্ট হয়েছে। শুধু শেখ হাসিনার বিচার করলেই হবে না; তার সহযোগীদেরও আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো ঘটনা ঘটাতে সাহস না পায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সক্রিয় হয়েছেন খোকন। এ সময় জেলা বিএনপি, শহর বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।