সাবেক শিবির নেতা নিখোঁজ

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের সাবেক নেতা আসাদুল্লাহ আল সাদিক (২৪) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় সাঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে। সাদিক সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। পরিবার জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন সাদিক। ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা হওয়ার কথা বাবা-মাকে ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং কোনোভাবেই তার সন্ধান মিলছে না। পরিবারের সদস্যরা রাতভর এবং পরবর্তী কয়েকদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি।