খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহমিল

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা বিএনপির উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু পরিপূর্ণ রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বরগুনা শহরের নতুন লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও গণতান্ত্রিক সংকটের এই সময়েও হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে পরিণত করে এক আবেগপূর্ণ গণসমাবেশে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, ‘দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো গণতন্ত্র পুনরুদ্ধার। আর সেই সংগ্রামের সাহসী নেতৃত্বের নাম দেশনেত্রী খালেদা জিয়া। তাঁর অসুস্থতা গোটা জাতির জন্য এক গভীর বেদনার বিষয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল লিটন, পিপিপির সভাপতি মিজানুর রহমান কিসলু, হেফাজতে ইসলামের সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা জাতির নৈতিক দায়িত্ব। বক্তারা আরও বলেন, দিনের পর দিন কারাবন্দি রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার মধ্য দিয়ে দেশনেত্রীর ওপর যে অমানবিক আচরণ করা হয়েছে, তা গণতন্ত্র ও মানবাধিকারের চরম অবমাননা। তবুও তিনি আপসহীন থেকে দেশ ও জনগণের অধিকারের পক্ষে অবিচল রয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন, রেজবুল কবির, বাবুল হাওলাদার, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, শারমিন সুলতানা আসমা, আবুল কালাম আজাদ, জাফরুল হাসান জাফর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বক্তারা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘দেশ আজ যে সংকটকাল অতিক্রম করছে, সেখানে দেশনেত্রী খালেদা জিয়ার মতো আপসহীন, সাহসী ও জনপ্রিয় নেতৃত্বের বড় প্রয়োজন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার রাজনীতির ময়দানে ফিরিয়ে আনেন। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও জনগণের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মাওলা জাহিদ।