কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোয়নবঞ্চিতদের ক্ষোভ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী নিয়ে তৃণমূলে চলছে দ্বন্দ্ব-গ্রুপিং। এখানে বিএনপি থেকে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন। তবে দলের এ মনোনয়ন ঘিরে উভয় উপজেলার বিএনপির তৃণমূলের নেতাকর্মীতে চরম বিভক্তি দেখা দিয়েছে। দলের মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দিতে তার অনুসারী নেতাকর্মীরা মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। জানা যায়, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা হলে এখানে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন দলের স্থানীয় নেতা অ্যাডভোকেট আবুল হাসেম খান। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান এম এ জাহের। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি এ আসনে দলের প্রাথমিক প্রার্থী হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের নাম ঘোষণা করে। এতে ক্ষোভে ফুঁসে ওঠে অধিক ভোটার ও বিএনপি অধ্যুষিত বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের অনুসারী নেতাকর্মীরা। তারা মিজানুর রহমানকে মনোনয়ন দেয়ার দাবিতে আসন এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
মনোনয়ন প্রত্যাশী এটিএম মিজানুর রহমান বলেন, দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় আমার নাম না থাকায় আসন এলাকার ক্ষুব্দ হাজারো কর্মী-সমর্থক আন্দোলন করে যাচ্ছে।
আমি তাদেরকে বলেছি, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোন কর্মসূচি না দিতে। এতে দলেরই বদনাম হবে। আমি আশা করি, চূড়ান্ত পর্যায়ে দল আমার বিষয়টি বিবেচনা করবে। চূড়ান্ত পর্যায়ে দলের মনোনয়ন না পেলে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি, নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। দলের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছি, বেশ সাড়া পাচ্ছি।
