জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় শীর্ষ সন্ত্রাসী আহমেদুল হক অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অপু উপজেলার মরজাল ইউনিয়নের বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসী মরজালের একটি স-মিল এলাকায় রক্তাক্ত অবস্থায় অপুর লাশ পড়ে থাকতে দেখে রায়পুরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। গত সোমবার রাতে কোনো এক সময় উপজেলার মরজাল এলাকায় এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পরদিন এ বিষয়ে রায়পুরা থানার (ওসি) অপারেশন নাজমুল ইসলাম জানান, মরজাল এলাকার একটি স-মিলে অপুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আহমেদুল হক অপুর লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অপুর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
