প্রতিবন্ধী অটোচালকের লাশ উদ্ধার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহেল নামে এক শারীরিক প্রতিবন্ধী অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার মুছারচর উত্তর পাড়া এলাকার রাস্তার ঢাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবার। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার দুপুরে সোহেল তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার করার সময় দেখা যায় তার শরীরের বিভিন্ন অংশ কসটেপ দিয়ে মোড়ানো ছিল। সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার দুই কন্যাসন্তানকে নিয়ে এখন দিশেহারা এবং তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে।
