কুষ্টিয়ায় জেলা জামায়াতের আমিরের দাফন সম্পন্ন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জমায়াতে ইসলামীর নেতাকর্মীরা ছাড়াও কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ১১টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় দফায় জানাজা শেষে উপজেলার ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে গত সোমবার রাতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে গত সোমবার শহরের বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা জামায়াত। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করছিলেন- জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। একপযার্য়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বেসরকারি হাসপাতাল মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার এমন মৃত্যু জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আবুল হাশেম ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
