ফ্রি লিগ্যাল এইড সেলের উদ্বোধন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ফ্রি লিগ্যাল এইড সেলের উদ্বোধন করা হয়েছে। এই সেলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পাবেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) সভাকক্ষে সেলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ চাকসুর অন্যান্য নেতারা এবং ফ্রি লিগ্যাল এইড সেলের সঙ্গে যুক্ত আইনজীবীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে চাকসুর এই উদ্যোগ সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে আইনজীবীদের সহায়তা নিতে পারবে, যা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তাদের সচেতন ও শক্ত অবস্থান গড়ে তুলতে সহায়ক হবে। তিনি এ উদ্যোগে যুক্ত চাকসু নেতারা ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান। সমাপনী বক্তব্যে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, ফ্রি লিগ্যাল এইড সেল গঠন ছিল চাকসুর নির্বাচনি ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।