কক্সবাজারে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে চারটি আসনে প্রার্থী সংখ্যা এখন ১৭ জন। এর বাইরে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র হাইকোর্টে বহাল করেছে বলে প্রার্থী দাবি করলেও গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা বা জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবায়দুল কাদের নদভী এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত। ফলে চারটি আসনে এখন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৩ জনের বৈধ হয়, অন্য ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপিলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৪ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন। এখন ওই আসনের ৩ প্রার্থী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী।

কক্সবাজার-২ : (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অন্য ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপিলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৫ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন। এখন ওই আসনের ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এসএম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

কক্সবাজার-৩ : (কক্সবাজার সদর, রামুণ্ডঈদগাঁও) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অন্য ১ জনের বাতিল হয়েছিল। প্রত্যাহারের শেষ দিন কেউ আসনটি থেকে প্রত্যাহার করেননি। এই ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার।

কক্সবাজার-৪ : (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অন্য ২ জনের বাতিল হয়েছিল। এর মধ্যে একজন প্রত্যাহার করেছেন। এখন আসনটির ৪ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা কক্সবাজার-৩ এর স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। গতকাল মঙ্গলবার ওই প্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানায় হাইকোর্ট তাকে প্রার্থী হিসেবে বৈধ করেছে। কিন্তু এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন কার্যালয়ের সংশ্লিষ্টরা।