জামায়াত নেতার লাশ উদ্ধারের ঘটনায় মামলা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াত নেতা নুরুল আলমের (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহত নুরুল আলমের মা ফাতেমা বেগম বাদী হয়ে কমলনগর থানায় এ হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়।
এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের কয়েকশ’ নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা নুরউদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ইব্রাহীম হাওলাদার ও জামায়াত নেতা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা নুরুল আলমের খুনিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, নুরুল আলমের লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনসহ এর সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নুরুল আলম গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হন। এর তিন দিন পর গত সোমবার সকালে উপজেলার মাতাব্বরহাট মেঘনা নদীর তীররক্ষার জন্য নির্মাণাধীন ব্লকবাঁধের ভেতরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
