ভাইয়ে ভাইয়ে ভোটযুদ্ধ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর-২ (কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ) আসনে এবারের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। একই পরিবারের দুই সহোদর এবার ভিন্ন রাজনৈতিক দলে থেকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বড় ভাইয়ের বিপক্ষে ছোট ভাইয়ের এই লড়াই স্থানীয় রাজনীতিতে বাড়তি উত্তেজনা যোগ করেছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা দুই ভাই নিজ নিজ অবস্থান থেকে এলাকায় পরিচিত মুখ। তবে ভিন্ন দলে প্রার্থী হওয়ায় নির্বাচনি মাঠে তারা এখন মুখোমুখি।

দুই সহোদরের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে নেমেছেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মাহমুদ হোসেন। দলীয় মনোনয়ন না পেলেও এলাকায় তার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা এবং সাংগঠনিক তৎপরতার কারণে তিনি একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

স্থানীয় পর্যায়ে তার নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে, যারা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে একই সংসদীয় আসনে তার আপন ছোট ভাই মো. মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। তিনি জাতীয় পার্টি (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। একই পরিবারের দুই সহোদরের ভিন্ন রাজনৈতিক অবস্থান এবং আলাদা দলীয় পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা-সমালোচনা।