মিরসরাইয়ে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে নূর আব্দুল্লাহ নামে ৩ বছরের শিশুকে হত্যার ঘটনা এজহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক। এর আগে, গত বুধবার রাতে নিহত নূর আবদুল্লাহ এর দাদি জোসনারা বেগম বাদী হয়ে দ্বীন ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তাররা হলেন- জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত মফিজুর রহমানের স্ত্রী বিবি রহিমা, ছেলে মো. মাহফুজ, আলী হোসেনের ছেলে আমজাদ হোসেন প্রকাশ বাদশা মিয়া।
পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোস্তফা ভুঁইয়া বাড়িতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রধান আসামি মো. দ্বীন ইসলামসহ অন্যান্য আসামিরা জোসনারা বেগম ও তার পরিবারের লোকজনদের মারধর করে।
ঘটনার সময় তার নাতি নূর আবদুল্লাহ (৩) তার দাদির নিকট আসলে আসামিরা তাকে মাথায় বারি মারে। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় জোসনারা বেগম জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশু নূর আবদুল্লাহ হত্যার ঘটনার দ্বীন ইসলামকে প্রধান আসামি করে এজাহারনামীয় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন দাদি জোসনারা বেগম। মামলার এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
