চাঁদপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকচাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামে সপ্তম শ্রেণির শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাফিন শহরের নাজির পাড়া সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা মো. শাহিনের ছেলে এবং আল-আমিন একাডেমি স্কুল এ- কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুর গ্রামে। এসব তথ্য জানান আল-আমিন একাডেমি স্কুল এ- কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, রাফিন বাসার উদ্দেশ্যে ওই সড়ক পারাপার হচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংক বহনকারী ট্রাকটি ওই শিশু শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে রেফার করে জরুরি বিভাগের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিনের মৃত্যু হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগিকে পাওয়া যায়নি।