মহেশপুরে অস্ত্রের মুখে ডাকাতি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে অস্ত্রের মুখে এক গরু ব্যবসায়ীর পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আজমপুর গ্রামে গরু ব্যবসায়ী শহিদুল ইসলামের বাড়িতে।

বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৬-৭ জনের একটি ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখায়। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে ডাকাতেরা ঘরের আলমারি ও বাক্স ভেঙ্গে নগদ ২ লাখ ৬৭ হাজার টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় বাধা দিলে পরিবারের কয়েকজনকে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর ডাকাত দল দ্রুত পালিয়ে গেলে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।