বিএনপি প্রার্থী ফজলুর রহমান হাসপাতালে

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পরেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এনামুল হক জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে প্রচণ্ড জ্বর এসে যায় এবং বমি করেন। পরে দ্রুত তাকে কাছাকাছি ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, তার জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। হাসপাতালে ভর্তির পর পরীক্ষা করে শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তার অক্সিজেনের মাত্রা ৯৯ থেকে ১০০ শতাংশ সেচুরেশনের মধ্যে রয়েছে ৯৩ শতাংশ। ফজলুর রহমান বর্তমানে আশঙ্কামুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে, পরীক্ষার রিপোর্ট পেলে তারপর বিস্তারিত বলা যাবে।