পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, বাবা-ছেলে আটক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাত্রিকালীন তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশের এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়া হালুয়াঘাট থানায় কর্মরত। এ ঘটনায় অভিযুক্ত মো. লিয়নকে গতকাল শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। তিনি হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) তিনজনের দলটি চোরাচালান প্রতিরোধে তল্লাশি চৌকি পরিচালনা করছিল। রাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালাতে থাকেন পুলিশ সদস্যরা।

গভীর রাতে মোটরসাইকেলে দুই যুবকের চলাচল নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মো. লিয়ন।

কেন তার মোটরসাইকেল থামানো হলো- এ নিয়ে পুলিশের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। ঘটনাস্থলের পাশেই লিয়নদের বাড়িতে গিয়ে তার বাবার কাছে বিষয়টি জানান পুলিশ সদস্যরা। সেখান থেকে ফেরার পথে পুলিশ সদস্যের পিঠে দা দিয়ে কোপ দেয় লিয়ন। পরে পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

এদিকে পুলিশকে কুপিয়ে আহত করার পর পালিয়ে যান লিয়ন। পরে অভিযান পরিচালনা করে লিয়নের মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয় এবং তার বাবা রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত লিয়নকে গতকাল শুক্রবার বেলা ১টার দিকে হালুয়াঘাট মধ্যবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।