ভারতীয় চোরাই মালামাল জব্দ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার ও বৃহস্পতিবার রাতভর পরিচালিত এসব অভিযানে ভারতীয় কসমেটিকস, জিরা, গরু ও মদ উদ্ধার করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বেটনোভেট ক্রিম, নেভিয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশ, পারফিউম, জনসন বেবি লোশনসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ২৩ হাজার টাকা। চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই সময়ে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪টি ভারতীয় গরু আটক করা হয়। জব্দকৃত গরুর সিজার মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতায় ভারতীয় মদ পাচারের একটি অপচেষ্টা ব্যর্থ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে। সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা জোরদার করতে দিনরাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অভিযান চলমান থাকবে।
