সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা নিহত

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালির কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক বাদশা নামে ইসলামী আন্দোলনের এক নেতা নিহত হয়েছে।

গত শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় আলুবাহী একটি মিনি ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক বাদশা কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ছিলেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাদশা তার এক সহযোগী মুফতি খাইরুল বাশারকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়ি খোকসার উদ্দেশে যাচ্ছিলেন।

একই সময়ে একটি আলুবাহী মিনি ট্রাকও ওই সড়ক দিয়ে খোকসার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ফুলতলা এলাকায় ট্রাকটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন তার সহযোগী মুফতি খাইরুল বাশার।

তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।