‘জিয়াউর রহমানের ঘোষণাই মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে’

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সদস্য সচিব সাদেক আহমেদ খাঁন বলেছেন, জিয়াউর রহমানের ঘোষণাই আমাদের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও তারা সম্মান দেননি। শেখ মুজিবকে অসম্মান করলে আমাদেরও কষ্ট লাগে। কিন্তু তার কন্যা মুক্তিযুদ্ধটা আ. লীগের বানিয়ে ফেলেছে। গত ১৫/১৬ বছরে মুক্তিযোদ্ধা সংসদের সুনাম তারা নষ্ট করেছে। আমরা রাষ্ট্র ক্ষমতার ভাগ চাইনা।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় নিয়ে পরামর্শ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের জেল রোডস্থ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক হাজী এমরানুর রেজার সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক আল আমিন শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য আলহাজ নুরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আব্দুল মান্নান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ফসিউর রহমান হাসান প্রমুখ।

পরামর্শ সভায় জেলা সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কসবা, আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর ও বিজয়নগরের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডারদের নেতৃত্বে জেলার সব মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।