প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আরিয়ান (৬) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী এলাকার নিজ বসত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আরিয়ান ওই এলাকার রাজমিস্ত্রী সেলিম মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শারীরিক প্রতিবন্ধী আরিয়ানের বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। আরিয়ান তার বাবার বাড়িতেই থাকতো। সেলিম মিয়া পরে সুনামগঞ্জের বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করেন। গত শনিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সেলিম মিয়া তার সন্তান আরিরয়ানকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান। কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, শিশুটির বুকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবন্ধী হওয়ায় আরিয়ান চলাফেরার সময় প্রায়ই পড়ে যেত, সে কারণেও আঘাতের চিহ্ন থাকতে পারে। তবে ঘটনাটি ঘিরে হত্যার আশঙ্কাও করছেন স্থানীয়রা। ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে গতকাল রোববার লাশ গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।