ভারতীয় গরু ও পণ্য জব্দ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কঠোর নজরদারিতে এক রাতের অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য, গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গাবরাখালী এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ঝোলগাঁও ও ঝিনাইগাতী উপজেলার হাতির টং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় সানম্যাক্স, লাক্সারি স্যুট, প্যান্টের কাপড়, বেনারসী শাড়ি এবং কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৯ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।
এছাড়া একই দিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালী ও আচকিপাড়া এলাকায়, পৃথক অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ১৩টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুগুলোর সিজার মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও শ্রীবর্দী উপজেলার চুকচুকি এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে বিজিবি। এ অভিযানে প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়। সব মিলিয়ে একদিনের অভিযানে ময়মনসিংহ সীমান্তে সর্বমোট ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় কাপড়, শাড়ি, কম্বল, গরু ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়- আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
