দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (৩০)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা মালা বেগমের দুই সন্তান প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)। ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল নয়ানীপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানার আতুরী গ্রামের মো. সালাহ উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়ার সঙ্গে হাফেজা খাতুন মালার বিয়ে হয়। গতকাল সোমবার সকালে শশুর বাড়িতে দেবরের সঙ্গে ঝগড়া হয়। এরপর মেয়ে তাবাসসুমকে ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে দুই সন্তানসহ বের হন তিনি। সকাল ১১টার দিকে পূবাইল বাজার রেলগেট থেকে পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় গিয়ে দুই সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের দেহ খণ্ড বিখণ্ড হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে।