ধর্মের উসিলায় ভোট চাইলে বিভ্রান্ত হবেন না

বললেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বমুবিলছড়ি ইউনিয়নের শহিদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভা ঘিরে মানুষের ঢল নামে। কড়া রোদ উপেক্ষা মানুষ ও আশপাশের ভবনের ছাদেও অবস্থান নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন- যারা এখনও আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতাপন্থি শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন- যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন- এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে- আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন- তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা। ‘ধর্মের উছিলায় একটি দল ভোট চায়’ মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ জান্নাতের বাহনা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’ তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তার ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।