লালমোহনে পৌর করমেলার উদ্বোধন করলেন ইউএনও
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি

‘পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’ স্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে তিন দিনব্যাপী পৌর করমেলার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সকালে লালমোহন পৌরসভার প্রাঙ্গণে এই করমেলার উদ্বোধন করেন, পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, সুনাগরিক গড়ে তোলার জন্য এবং সুষ্ঠ উন্নয়নের জন্য যার যার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত। লালমোহন পৌরসভার নাগরিকরা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। পৌর নাগরিকদের দেওয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়। লালমোহন পৌরসভার প্রায় ৫ কোটি ৩৩ লাখ টাকার মতো বকেয়া কর রয়েছে। ২৬ জানুয়ারি হতে ২৮ জানুয়ারির মধ্যে করমেলায় বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের উপর ১৫ শতাংশ রিবেট সুবিধা দেওয়া হবে। লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এর মধ্যে বেসরকারি হোল্ডিং এ প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিং এ প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকার মতো বকেয়া আছে। সরকারি বেসরকারি হোল্ডিং মালিকদের বছরের পর বছর কর খেলাপি রয়েছে। এজন্য ১৫ শতাংশ ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেহ নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করেন, তাহলে মেলার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
