আলু খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলু খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জমিতে সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। কৃষকদের আব্দুল হামিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সময়টায় আলুর গাছ দ্রুত বৃদ্ধি পায়। তাই সঠিক পরিচর্যা না হলে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই থেকে খেত রক্ষায় নিয়মিত নজরদারি প্রয়োজন বলে জানান তারা। স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলেও সার ও কীটনাশকের দাম তুলনামূলক বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তবে সময়মতো পরিচর্যা করতে পারলে ভালো ফলনের আশা করছেন তারা।

এ বিষয় উপজেলা কৃষি অফিসার মো. আবু সাঈদ শুভ্র বলেন, এই বছর সিরাজদিখান উপজেলায় ৮৯৫৮ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। আগের তুলনায় এই বছর আলুর জমিগুলোতে কোনো প্রকার সমস্যা দেখা যাচ্ছে না। রোগের পরিমাণ ও অনেকটাই কম।