তিতাসে সড়কের বেহাল দশা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তাজুল ইসলাম, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে মুরাদনগরের জাহাপুর বাজার পর্যন্ত বেড়িবাঁধ সড়কের তিতাসের সাড়ে তিন কিলোমিটার রাস্তায় চলাচল অনুপোযোগি হয়ে পড়েছে। প্রতিদিন সড়কটি দিয়ে বিভিন্ন যানবাহন বিশেষ করে সড়কটির পাশে একাধিক ইটভাটা থাকায় যানবাহনের ভারে খানাখন্দে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার আসমানিয়া বাজার থেকে জাহাপুর বাজার পর্যন্ত গোমতী বেড়িবাঁধ রয়েছে। বাঁধের ওপর তিতাসে প্রকৌশলী দপ্তরের আওতাধীন প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের উভয়পাশে অনেকাংশ ভেঙে বিলীন হয়ে গেছে। এক সময়ের পিচঢালা রাস্তা এখন কাঁধাময় ও ধুলোবালিতে পরিণত হয়েছে। স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে আগের তুলনায় একটু যানবাহন বেশি চলাচল করতে দেখা যায়। ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারের অটোরিক্সা চালক শরিফ আহমেদ জানান, সড়কটি দীর্ঘদিন মেরামত করা হচ্ছে না। দুই বর্ষার প্রবল বৃষ্টিতে রাস্তাটি ভেঙে চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। একই এলাকার পি-ক্যাপ ভ্যানের চালক সাগর জানান, গোমতী নদীর ওপর আসমানিয়া বাজারের সেতু দেড় বছর যাবৎ বন্ধ থাকায় আমাদের এই সড়কটি ব্যবহার করতে হচ্ছে। এতে যেমন যানবাহন বেড়েছে তেমনি বেড়েছে রাস্তার খানাখন্দ।

আসমানিয়া বাজার ও দুলারামপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সড়কটি দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া প্রদান করা হচ্ছে। অনেক সময় দুর্ঘটনা শিকার হচ্ছে।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, আসমানিয়া বাজার থেকে জাহাপুর বাজার ভাড়া ভিটিকান্দি ইউনিয়ন সড়কের সাড়ে ৩ কিলোমিটার সড়ক এলজিইডি’র আওতাধীন রয়েছে। কিছুদিন আগে সড়কটি মেরামতের ট্রেন্ডার শেষ হয়েছে। ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৩২১ টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। মেসার্স শাহিদ ট্রেডার্স চলতি মাসের ১৯ তারিখে কাজটি পেয়েছে। মেসার্স শাহিদ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম জানান, দেশে এখন নির্বাচন চলছে। তাই নির্বাচনের পর পর আমি কাজ শুরু করবো। আগামী ৪ মে পর্যন্ত এর মেয়াদ থাকলেও পরিস্থিতি-পরিবেশ অনুকূলে থাকলে একমাসে মধ্যে উক্ত কাজটি শেষ করা সম্ভব হবে।

উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান জানান, আসামানিয়া বাজার সেতুর কাজ চলমান থাকায় বেড়িবাঁধের সড়কে চাপ পড়েছে। ঐ এলাকায় চলাচলের জন্য বিকল্প রাস্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক আগে চাহিদাপত্র পাঠিয়েছিলাম। কাজটি এরইমধ্যে ট্রেন্ডার হয়েছে। আশা করি নির্বাচনের পর পর কাজটি শুরু করতে পারবো।