বাঞ্ছারামপুরকে মডেল উপজেলা করা হবে : জোনায়েদ সাকি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বাঞ্ছারামপুরে উন্নত শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে মডেল উপজেলা করা হবে। যা দেখে দেশের অন্যান্য উপজেলা আমাদের অনুসরণ করবে।

গতকাল শনিবার সকাল থেকে উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর থেকে উজানচর বাজার পর্যন্ত ৯ কিমি: সড়ক পায়ে হেটে পথসভা, জনসংযোগ, বাড়ি বাড়ি মাথাল মার্কার জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাভোকেট মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপি সদস্য ভিপি নাজমুল হুদাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশের সার্বিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে এমন পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার কমানোর ওপর জোর দিতে হবে। তিনি বলেন, গ্রামীণ ও শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

কালিকাপুর গ্রামে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাকি বলেন, শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা, যা কর্মসংস্থান এবং উদ্ভাবন বৃদ্ধিতে সাহায্য করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, দারিদ্র্য হ্রাস করা এবং একটি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া ।