সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনি অফিসে আগুন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী বাজারে জামায়াতের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
এতে ওই নির্বাচনি অফিসের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গত শনিবার গভীর রাতে ওই নির্বাচনি অফিসে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
এতে ওই অফিসের ভেতরে তেমন কিছু না হলেও বাইরে কিছু ক্ষতি হয়েছে। গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং এ অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্ত শুরু হয়েছে।
এদিকে জেলা জামায়াতে ইসলামীর সহকানী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ওই বাজারে একটি টিনের তৈরি মার্কেটে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনি অফিস খোলা হয়েছে। এ অফিসে গত শনিবার রাতের আঁধারে দূর্বৃত্তরা খড়কুটো স্তুপ করে সেখানে পেট্রোল আগুন দেওয়া হয়েছে। এ আগুনে ঘরের চাল ও বেড়া পুড়ে যায়।
বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুুলিশ সুপার ও ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান বলেন, হোয়াটসঅ্যাপে এ বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে একটি রিপোর্ট দিয়েছেন। এ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
