‘১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে’

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চিরদিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে। তিনি বলেন, আমাদের ১১ দলীয় জোটে বীরমুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে। সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দেবে। গতকাল রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, তারা দুর্নীতি করেছে।

সরকারের নামে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর মতো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, গুণগত পার্থক্য রয়েছে।