নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে নাগরিক ঐক্যের ২১৭ জন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। গতকাল বিকাল ৫টায় শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলেল তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরায় জেলা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই বিশাল যোগদানের ফলে দল আরও গতিশীল হবে এবং সরাসরি ইতিবাচক প্রভাব নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে। আমি বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে।

ড. রবিউল ইসলাম খান বলেন, বিএনপির সঙ্গে যুগপৎভাবে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের আগে থেকেই আছে। আর বিএনপির সঙ্গে যুগপৎ রাজনীতি স্বাচ্ছন্দের সঙ্গেই আমরা করেছি বিগত ১৫ বছর। তাই ভবিষ্যৎ দিনগুলিতে আমরা বিএনপির রাজনীতি ভালোভাবেই করতে পারব এ বিশ্বাস আমাদের শতভাগ আছে। এ সময় তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন প্রমুখ।