উখিয়ায় বিএনপির ৫০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
নিজ দলের চাঁদাবাজি, দখলবাজি ও হয়রানিতে অতিষ্ঠ হয়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার বিকালে উখিয়া উপজেলার থাইংখালী স্টেশনে অনুষ্ঠিত এক পথসভায় বিএনপি সমর্থিত এসব নেতাকর্মী উখিয়া-টেকনাফ-৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর হাত ধরে জামায়াতে যোগ দেন। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পালংখালী ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা এম গফুর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন- পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোস্তফা আহমেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছৈয়দ এবং ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ। দলত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপির উপজেলা পর্যায়ের কয়েকজন প্রভাবশালী নেতার চাঁদাবাজি, দখলবাজি, মিথ্যা মামলা ও চাপের কারণে তারা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন। এসব কারণেই তারা নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।
এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী দাবি করেন, এম গফুর উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী আওয়ামী লীগ আমল থেকেই বিএনপি থেকে বহিষ্কৃত এবং জামায়াতে যোগদানকারীরা বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। সংখ্যায় তারা সর্বোচ্চ ১৫ জন হতে পারেন বলেও তিনি দাবি করেন। অন্যদিকে এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, চাঁদাবাজি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৪টি শর্ত বিএনপি নেতাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। শর্তগুলো বাস্তবায়ন না হওয়ায় তিনি জামায়াতের মঞ্চে ওঠেন।
