প্রচারে অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরকারি কর্মকর্তা হয়েও সংসদ নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা দুই কর্মকর্তাকে কারণ দর্শাতে বলাতে হয়েছে। তাদের আগামীকাল শনিবার স্বশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত দিতে বলা হয়েছে। অভিযুক্ত ওই দুই কর্মকর্তা হলেন, কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জিয়ার হোসাইন ও বাদৈর ইউনিয়নে দায়িত্বরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন। অভিযোগের সঙ্গে প্রচারণার কাজে অংশ নেওয়ার ছবিজুড়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জিয়ার হোসাইন ও মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেন বলে আব্দুল হালিম নামে এক ব্যক্তি গত ২ ফেব্রুয়ারি কসবার সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ওই আসনে দায়িত্বরত ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ মিজানুর রহমান এ চিঠিতে তাদের কারণ দর্শাতে বলেন।
ওই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগ ও সংযুক্ত নির্বাচনি প্রচার কাজের ছবি পর্যালোচনা করে আপাত সত্য মর্মে প্রমাণিত হয়। প্রচারকাজে অংশ নেওয়ার বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধিমালা পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।
