নারায়ণগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে একটি সুন্দর সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। ভোট কেন্দ্রে ভোটারদের সব ধরনের সুযোগ সুবিধা ও উৎসাহিত করার লক্ষ্যে প্রশাসন কাজ করছে। ভোট কেন্দ্রে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড় দেওয়া হবে না। গত বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ভোট কেন্দ্রগুলোর সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি ভোট কেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক আরও বলেন, ভোট কেন্দ্রে এবং তার আশপাশে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাদের কঠিন হস্তে দমন করা হবে। আমি সব দলের প্রার্থী এবং তাদের সমর্থকদের প্রতি আমার আহ্বান থাকবে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে উপহার দিতে পারি তারা যেন আমাদের সহযোগিতা করেন। পরিদর্শনকালে বক্তাবলীর দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে বক্তাবলী বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উল্লেখ্য, উক্ত সড়ক উন্নয়ন কাজটি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, নারায়ণগঞ্জ সদরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের এ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, র্যাব, আনসার ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব এসএম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জনাব আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব ইয়াসির আরাফাতসহ নির্বাচন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে স্থানীয় জনগণ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
