শাসক পরিবর্তন হলেও শোষণের ধরন পরিবর্তন হয়নি
বললেন মামুনুল হক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয় নাই। এদেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি। তাই আগামী নির্বাচনে ১১ দলের প্রতীকে ভোট চাই আমরা।
গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় মামুনুল হকে আরও বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। তারা আবার লুটপাটের উৎসবে মেতে উঠছে, চাঁদাবাজিতে মেতে উঠেছে। বাংলার মানুষের এসবে নাভিশ্বাস উঠেছে চাঁদার পয়সা গুনতে গুনতে।
জনসভা উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। মামুনুল হক তার বক্তব্যের মধ্যে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
নির্বাচনি জনসভায় ১১ দলের প্রার্থীও বক্তব্য দেন। এ সময় তিনি উপস্থিত সবার কাছে সদর ও হোসেনপুরে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়াও জনসভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
