রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩,৫৬৭ জন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন ভোটার। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, রংপুর কেন্দ্রীয় কারাগারে হাজতি-কয়েদি মিলে ১০৪৩ বন্দি রয়েছেন। সেখানে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ১১৯ জন। এদের মধ্যে হাজতি এবং কয়েদি রয়েছে। নিবন্ধিত হাজতি ও কয়েদিদের জন্য পোস্টাল ভোট ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে, আগামীকাল ৫ ফেব্রুয়ারি শেষ হবে। এই তিনদিনের জন্য কারাগারে পোস্টাল ভোট গ্রহণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। এরইমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আসনভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১ থেকে ৯নং ওয়ার্ড) আসনে ৩ হাজার ২৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী আহসানুল আরেফিন (কাঁচি), ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস (চেয়ার)। রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে ৩ হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
এই আসনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল (লাঙল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা)। রংপুর-৩ (সদর ও রসিকের ১০ থেকে ৩৩নং ওয়ার্ড) আসনে ৫ হাজার ২৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২২৪ জন। এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের (লাঙল), বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আব্দুল কুদ্দুস (মই), তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (হরিণ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদীর আনোয়ারা হোসেন বাবলু (কাঁচি) ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান (সূর্যমূখী)।
