১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযানে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা ও বাংলাদেশি তরমুজ জব্দ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুরের সাতছড়ি-তেলিয়াপাড়া সড়ক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তাৎক্ষণিক তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি তরমুজের নিচে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা লুকানো রয়েছে। এ অবস্থায় জিরা ও তরমুজগুলো বিজিবি সদস্যরা জব্দ করেন। অবৈধভাবে আনা জিরা ও জব্দকৃত তরমুজগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।